লাড্ডুটার উপরে বেশ অনেকক্ষণ ধরে একটা মাছি ভনভন করছে। একটা একটা করে বোদের গায়ে একবার করে বসে তারপর লাফাচ্ছে আরেকটায়। যেন 'কিত কিত' খেলা। কখনও গিয়ে বসছে জানলার রেলিঙে, আবার সেখান থেকে বাটির কানায় বসে একটু হাত-পা চাটছে, আবার এসে বসছে লাড্ডুটার গায়ে। চক্রবৎ চলছে ওর এই যাতায়াত। এমতাবস্থায় বেশ জোরে একদমকা বাতাস দিল। ওপারের পর্দা খুলে উড়ে পড়ল লাড্ডুর গায়ে আর মাছি সোজা নিলির হাত হয়ে চামচে। "এহ্ হে" ... একটু চা চলকে পড়েও গেল চাদরে। এতক্ষণে খেয়াল পড়ল চা জুড়িয়ে জল হয়ে গেছে এক্কেবারে। একেই কড়া হয়েছিল, তারপরে ঠান্ডা। চোখ বুজে 'কোৎ' করে গিলে নিতে হল। নাহলে এই জিনিস ... হেসে ফেলল নিলি। এইত্ত দু' বছরও হয়নি, ও প্রথম প্রথম তখন নিজে চা বানাচ্ছে, কাজল বলত, "চা টাও কেউ এত খারাপ বানাতে পারে, আমার ধারণা ছিলনা!" ...কাজলের কথা শুনে একদিন তো কেঁদেই ফেলেছিল। গোটা একদিন কথা বলেনি ওর সাথে। এখনও ওই একই কথা ওর নিজেকে বলতে ইচ্ছে করছে! ডঃ গাঙ্গুলির মেয়ে পড়া গুটিয়ে, আলো নিভিয়ে বারান্দায় এসে দাঁড়ালে, নিলি জানে এই ১টা বাজল। গোটা পাড়াতে ওই মেয়ের ঘরেই এত রাত ...