Skip to main content

#কালিমা #পর্ব৫



দরিয়ায় ঝাঁপ দেওয়ার আগে দশ সেকেন্ডও ভাবেনা ওরা। দরিয়ার বিদ্যুতের সাথে ওদের শরীরের বিদ্যুৎ নিমেষে সই পাতায়। ওরা ডুবতে ডুবতে বাঁচতে থাকে।
এতসব কথার মধ্যেও নিলি ওর খোলা দরজার বাইরে হাঁটু মুড়ে বসে থাকা রিকশায়ালার দিকে তাকিয়ে ছিল। বৃষ্টিতে ভিজে জবজব করছে গা। তাড়াহুড়োতে কোনরকমে গায়ে একটা জামা গলিয়ে বেরিয়ে পড়েছে, জামার উপরের বোতামগুলো খোলা। খোকন। এখন অবশ্যি সে নিজে আর খোকন নেই, দু'টি আস্ত খোকনের বাপ! চিন্তান্বিত মুখে চেয়ে আছে ঘরের ভিতর। মন দিয়ে শুনছে ঘরের ভিতরের কথোপকথন। 'ওরই বউ ছিলনা বুলবুলি?' বছর চারেকের একটা বাচ্চা রেখে বুলবুলি চলে যায়। পালিয়ে যায়। বেঁচে যায়। নিলির এই ফ্ল্যাটে আসার এক বছর পরের ঘটনা। বুলবুলির সাথে দেখা হয়েছে পরেও; খুব ঝাল দিয়ে কুড়ি টাকার ফুচকা খেয়েছিল বুলবুলি। ঝালের শিসানি, আর ফুচকা চিবানোর আহারে নিলি বুঝেছিল, ও সুখে আছে। কপালের সিঁদুর আর ঠোঁটের হাসি চকচক করছিল ওর। দরিয়ার এই বিদ্যুতের মায়া বুলবুলি জানে, এখন আধুও জেনে গেছে।

ঘরের ভিতরের কথাগুলো নিতান্তই অবান্তর। যুগযুগ ধরে বয়ে চলা কথা। উত্তরপ্রদেশের কোন এক খাপ পঞ্চায়েতের মোড়ল থেকে শুরু করে এই হুজুগে যুগের অতীব স্বাধীনচেতা, মেয়েকে স্বাধীনতা দেওয়া বাঙালি বাবা-মা সবাই এই 'বী'ষমন্ত্রে আজন্ম দীক্ষিত। আধুর বাবা আসেননি। হয়ত অফিসের কাজে বাইরে গেছেন; ওনাকে প্রায়ই যেতে হয়। ওর মা সেই চিরকালীন 'মেয়েরা বাড়ির সম্মান' মন্ত্র গেয়ে চলেছেন। কিন্তু নিলির চোখ বারবার চলে যাচ্ছিল খোকনের দিকে। কি কদর্য লাগছে লোকটাকে। তার চিন্তা, তার নারী শরীরকে রক্ষার চিন্তা কি ভীষন কদর্য লাগছিল নিলির। যেন রক্ষার চিন্তায় সে কোন অঘটনকে হাজারবার নিজের মাথাতেই ভেবে ফেলেছে। ছোটবেলা থেকেই আধুকে রক্ষার ভার একমাত্র তার কাঁধেই ন্যস্ত কিনা!

"তোমার এখানেও যখন নেই তখন তো পুলিশের কাছে যেতে হয়..."

"না বৌদি, এইখানেই আছে। আমি দেখেছি। এইখানেই আছে। দিদিমণি বলছেননা...। দিদিমণি বলে দেন। যে বাড়ির মেয়ে, সেই বাড়িতেই ফিরে যাক ... যদি থানা পুলিশ হয়, তাহলে সম্মান নষ্ট হবে। এমনিতেই এত জায়গা থাকতে আপনের বাড়িতে এসে উঠেছে। তা সে যা হওয়ার হয়েছে, এবারে মেয়েকে নিয়ে আসুন..."

নিলি বুঝতে পারেনা, ও চুপ করে আছে কেন! অন্তত একটা থাপ্পড় মেড়ে এই লোকটিকে তাড়াতে তো সে পারত। কিন্তু ইচ্ছে করেনা। আধু কাপড় বদলাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। বাইরে থেকে ও দরজা লাগিয়ে দিয়েছে।

"দেখুন আমরা শুনেছি আধু আপনাকে খুব ভালোবাসতো। এদিকে যখন এসেছে, আপনার বাড়িতেই এসেছে। আর কারো কাছে যাওয়ার নেই ওর। ওর ফোন ওর মায়ের কাছে। সুতরাং ওই ছেলেটির সাথে ওর পক্ষে যোগাযোগ করা সম্ভব নয়..."

"আপনি?"

"অম্লান। মিঃ বসাকের বন্ধু এবং প্রাক্তন কলিগ। আধু আমার মেয়ের মত।"

"ওর ফোনটা আপনাদের কাছে? ঠিক বলছেন?"

"হ্যাঁ। দেখো, আমাদের মেয়ে যদি ভিতরে থাকে, ওকে ডেকে দাও। ও আজকাল বড্ড জেদি হয়ে গেছে। এতটা ছেলেমানুষ ও ছিলনা। ওই ছেলেটির পাল্লায় পড়েই ও..."

"তোমরা ভুল করছ বৌদি। ও এখানে আসেনি। আসলে আমি নিজেই তোমাদের ফোন করতাম। যদি ও এখানে আসে, আমি তোমাদের জানাবো। আধু এরকম মেয়ে নয় যে এত রাতে অন্য কারো সাথে পালিয়ে যাবে। সকাল পর্যন্ত অপেক্ষা কর। আমার মনে হয় ও ঠিক ফিরে আসবে। ওকে একটু সময় দাও। ও বড় হয়েছে।"

"কি বলছ নিলীমা? ও একটা বাচ্চা মেয়ে। ইলেভেনে পড়ে।... এত রাতে মেয়েটা... তুমি কি মানুষ? কত কিছু হয়ে যেতে পারে ... আমি মা হয়ে..."


ওরা দরিয়া চেনেনা। নিলি বোঝে। দরিয়ার বিদ্যুৎ বয়স মানেনা। নিলি বোঝে। কিন্তু দরিয়াতেও পলি পড়ে। নিলি বোঝে।

(চলবে)
Photo Courtesy: Tumblr

Comments

Popular posts from this blog

নখপুরাণ

সকালে হাঁটতে হাঁটতে এক সুন্দর দরজা লক্ষ্য করলাম, দরজাটা বেশ পুরোন বনেদি বাড়ির দরজা। অভ্যেসবশে খানিক দাঁড়িয়ে পড়ে কারিকুরী দেখছিলাম দরজার উপরিভাগের। দরজার পাল্লার মাঝে ফাঁক লক্ষ্য করে এগিয়ে চার ধাপ সিড়ি উঠে গিয়ে দেখলাম ভিতরে খোয়া আর ইটের পাহাড়, দূরের বাড়িটি ভেঙ্গে ফেলা সম্পূর্ণ হয়েছে। "ইমা! হাতগুলির কি অবস্থা!" "কালমেঘ পাতার রস মাখায় রাখবা হাতে, আর খাইব না। আমার সোনায়ও ছুট্টবেলায় হাত খাইত... হাতে তিতা রস লাগাইয়া ছাড়াইসি ..." "কি নোংরা রে তুই!" "এই দেখো মা, ওর হাতের নখ দেখো। দেখেছ এত ছোট নখ কারো হাতে? 🤣 " "পেট ভরেছে? 👀 " "কি রে নেলপালিশ কিনবি তুই? 👀" "হ্যাঁ ভালো করে খেয়ে নে। তারপর আমি কথা বলব।" "তোর হাতের রান্না খেতে ঘেন্না করে আমার! আর কেউ খেতেও চাইবেনা।" "হাতের নখ দেখলেই বোঝা যায়, মানুষটা ভালো না!" এত কিছু শুনতে শুনতে স্কুলজীবন শেষ হল কোনমতে। নিজেই ঠিক করে, হাতের নখ এবং চামড়ার উপরেও নেলপালিশ দেওয়া শুরু করলাম। নেলপালিশের গন্ধে নখ কাটা কমে গেলো। এবার ধীরে ধীরে খেয়াল করা শুরু করলাম আমার নখে...

গল্প ১ (প্রথম পর্ব)

  ইদানিং খুব ছটফট করিতেছে বলিয়া এই বাবুই পরিবারের ছোটটিকে গতকাল স্যাকরার কাছে দিয়া আসা হইয়াছে। বাগানে ইহাকে সামলানো মুশকিল হইতেছিল। সকালের আলো ফুটলেই বিছানা না গোছাইয়া রোদ দেখিতে যায়, পছন্দের ফল দেখিলেই লাফাইতে থাকে, খাবার উদরস্থ করিবারও যে নিয়ম হয়, তা ইহাকে বোঝানো মুশকিল হইয়াছিল। হাঁটাচলার শ্রী নাই, কথাবার্তা সে কিছুতেই সুরে বলিবে না। আধা দিন পোকাদের সাথে ঘুরিয়া বেড়াইতেছে, কোন কাজে মন নাই। উপরন্তু ক'দিন আগে আবিষ্কার করা গেল, বাগানের দক্ষিণ প্রান্তে সকলের চোখের আড়ালে সে একটি বাসা বানাইতেছিল। অত ছোট বয়সে অমন বাসা সে কি উদ্দেশ্যে বানাইতেছে, কি করিয়া কৌশল শিখিল, সেইসকল প্রশ্নের উপরি গুরুত্বপূর্ণ হইল, সে দলের ও পরিবারের বড়দের জানায় নাই কেন? গোটা বাগান সামলানোর গুরুদায়িত্ব যাদের হাতে, তারা সমস্ত বুঝিয়া স্থান বানাইয়া দিতে পারিতেন, তেমনটাই রীতি ও তাতেই সকলের মঙ্গল। এখন এমন উটকো বাসা তো সরাইয়া না ফেলিলেই নয়। লালিত্য শেখে নাই, সুর তোলে নাই, নাচ শেখে নাই্‌, কমনীয়তা শেখে নাই, বড়দের মুখের উপরে তর্ক করে, নিয়ম শেখে নাই, খাদ্য-খাদকের সম্পর্কের প্রতি নিষ্ঠা নাই, বাসা বানাইতে চলিয়াছে। এমন তো চলিতে ...
I want to die.  There is no use of living. No one to share this life with.  I want to end this horrible experience. 19th May, 2025; 21:51