বছর কুড়ি আগের কলকাতার একেবারে দক্ষিণপ্রান্তের এক মফঃস্বল পাড়া। একতলা বাড়িটা পাড়ার একটু নির্জন প্রান্তে, গাছপালা দিয়ে ঘেরা। একদিকে ডোবা, আরেকদিকে বেশ খানিকটা খালি জমি, সামনে পায়ে হাঁটা রাস্তা, বড় বড় গাছের সারি ঘেরা আঙিনা। বাড়িটার সামনে গ্রিল ঘেরা বারান্দা... শীতের রাত দশ কি সাড়ে দশ... বাড়িতে জনা আটেক লোক, খাওয়াদাওয়া শেষ করে যে যার বিছানায় ঘুমোতে যাওয়ার আগের আড্ডায়... হঠাৎ গ্রিল নড়ার আওয়াজ আসে। বাড়িতে বিড়াল ভরতি, শুরুতে মনে হয় বিড়াল। খানিকক্ষণ পরে বেশ জোরে গ্রিল ঝাঁকানোর আওয়াজ আসে... ভয়। এই মফঃস্বলে কখন কি ঘটে বলা যায় না। গুটিসুটি ঘরের একটা দরজা আলতো ফাঁক হয়, গ্রিলে দেখা যায়না কাউকে। ফেরত এসে শুতে যেতেই, "বিন্তি... আমি... প্রিয়াঙ্কা... দরজা খোল... আছিস কেউ?" তৎপর বাড়ির মেয়ে গ্রিলে এসে দেখে প্রিয়াঙ্কা, তার বান্ধবী তার জীবনসঙ্গীকে নিয়ে ঘরের জামায় খালি হাতে দাঁড়িয়ে। বছর তিনেক হলো বিয়ে হয়েছে ওদের... "মেরে ফেলবে বিন্তি, বাঁচা..." "কে? মানে? কারা?" "দাদা, দাদা ওর বন্ধুদের নিয়ে আজকে আমাদের বাড়িতে... ওরা follow করেছে আমাদের... আজ রাতটা please?" ভিতর থেকে...