বছর কুড়ি আগের কলকাতার একেবারে দক্ষিণপ্রান্তের এক মফঃস্বল পাড়া। একতলা বাড়িটা পাড়ার একটু নির্জন প্রান্তে, গাছপালা দিয়ে ঘেরা। একদিকে ডোবা, আরেকদিকে বেশ খানিকটা খালি জমি, সামনে পায়ে হাঁটা রাস্তা, বড় বড় গাছের সারি ঘেরা আঙিনা। বাড়িটার সামনে গ্রিল ঘেরা বারান্দা... শীতের রাত দশ কি সাড়ে দশ... বাড়িতে জনা আটেক লোক, খাওয়াদাওয়া শেষ করে যে যার বিছানায় ঘুমোতে যাওয়ার আগের আড্ডায়...
হঠাৎ গ্রিল নড়ার আওয়াজ আসে। বাড়িতে বিড়াল ভরতি, শুরুতে মনে হয় বিড়াল। খানিকক্ষণ পরে বেশ জোরে গ্রিল ঝাঁকানোর আওয়াজ আসে... ভয়। এই মফঃস্বলে কখন কি ঘটে বলা যায় না। গুটিসুটি ঘরের একটা দরজা আলতো ফাঁক হয়, গ্রিলে দেখা যায়না কাউকে। ফেরত এসে শুতে যেতেই,
"বিন্তি... আমি... প্রিয়াঙ্কা... দরজা খোল... আছিস কেউ?"
তৎপর বাড়ির মেয়ে গ্রিলে এসে দেখে প্রিয়াঙ্কা, তার বান্ধবী তার জীবনসঙ্গীকে নিয়ে ঘরের জামায় খালি হাতে দাঁড়িয়ে। বছর তিনেক হলো বিয়ে হয়েছে ওদের...
"মেরে ফেলবে বিন্তি, বাঁচা..."
"কে? মানে? কারা?"
"দাদা, দাদা ওর বন্ধুদের নিয়ে আজকে আমাদের বাড়িতে... ওরা follow করেছে আমাদের... আজ রাতটা please?"
ভিতর থেকে বছর ষাটেকের বৃদ্ধা চেঁচিয়ে ওঠেন, "অধর্ম করে বিয়ে করার এত শখ যখন, এবার মার খাও..." কপালগুণে বাড়িতে বৃদ্ধার পাঁচ ছেলেমেয়ে, সবাই রোজগেরে... বৃদ্ধার মুখের কথা বাসি হয়েছে। গ্রিল খুলে যায়, ওরা ঘরে আসে। বৃদ্ধা চিৎকার করতে থাকেন,
"অধর্ম, অধর্ম... আমারে কেউ সম্মান করস না তোরা। আমারে মাইরা থো তার থিকা... কোনদিনও সুখী হবিনা তোরা"
খানিকক্ষণ বাদে একদল ছেলে টর্চ হাতে উঠোনের গ্রিল ভেঙে ঢুকে পড়ে আঙিনায়। ইতস্তত টর্চ ঘুরতে থাকে গাছপালার মধ্যে। ওদিকে উঁচু খাটের নিচের বাসনকোসন সরিয়ে দুটি মানুষ গুটিসুটি ঢুকে গেছে খাটের তলায়। বিছানা করে দেওয়া হয়েছে তাদের। তারপর ঢেকে দেওয়া হয়েছে ধুলো পড়া বাসনকোসন, গদি দিয়ে ... টর্চগুলো জোর করেই ঢুকে পড়ে ঘরে, ছাদে উঠে যায়, বাথরুম খুলে দেখে, পিছনের দরজা দিয়ে ডোবার আল ধরে এগিয়ে যায়, পাশের ভাঙা পাচিল বেয়ে ওপারে গিয়ে খোঁজে। পায় না... প্রায় দিনচারেক সেই বিছানা কাজে লাগে। বৃদ্ধা 'আজকের প্রজন্ম' এর উপর থেকে 'সমস্ত আস্থা ও বিশ্বাস হারান'। আরও বছর দুয়েক এমনভাবে লুকিয়ে থাকার পালা চলে।
তারা আছেন। আজও আছেন। কেউ ধর্মান্তরিত হননি। বিবাহিত এবং এক সন্তানের পিতামাতা তারা। এই বিন্তি আজও তাদের বন্ধু। বৃদ্ধা তারপরেও প্রায় বছর পনেরো বেঁচে ছিলেন। পাঁচ-ছয় বছর সুস্থ অবস্থায়, এবং তারপরের সময়টুকু পুরোপুরি বিছানায়। বলাই বাহুল্য তার সবরকম সেবা ছেলেমেয়েরাই করেছে, এবং প্রায় সমস্ত ইচ্ছা মাথায় করে মেনেছে, কেবল এই ধর্মের গোড়ামি ছাড়া। মাঝের এই কুড়ি বছরে কলকাতার সংস্কৃতি বদলেছে। পূর্বতন প্রজন্মের যথাযথ সম্মান করেই, নিজেদের সম্মানকে প্রাধান্য দিতে শিখেছে কলকাতা। সেই প্রজন্মের যুবকযুবতীরা যে প্রজন্মকে তৈরি করে তুলেছে আজ, এই শিক্ষাতেই ঠেলে এগিয়ে দিয়েছে বলে বিশ্বাস।
তাহলে এরা কারা, যারা প্রাপ্তবয়স্ক দুটি ছেলেমেয়ের বিয়েকে অন্যায় বলে দাগিয়ে দেওয়াকে সমর্থন করেন? আমরা এই নতুন সংস্কৃতিতে বেড়েছি, গোড়া গেঁথে গেছে... উত্তরপ্রদেশের পিংকি আর রশিদের সাথে যে অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে আমার আগের প্রজন্মও দাঁড়িয়েছে, শিখিয়েছে। আমরাও আছি। সমর্থন করিনা। করবো না।
#ধিক্কার
কালো সময় শুরু হলো!
Comments
Post a Comment