হাজারে হাজারে মানুষ দোলায় করে এগিয়ে চলেছেন রাজপথ ধরে। অনাদি... অনন্ত... সে মিছিল। রাজপথের দু'ধারে উপচে পড়ছে মুখ। ব্যারিকেডের গায়ে ঝোলানো রয়েছে প্লাস্টিক, ব্যাগ, স্যুটকেস ভর্তি এক শতাব্দীকাল ধরে জমানো অভিমান। এখন কেবল বাঁশের গায়ে গায়ে শোভা পাচ্ছে তারা। ব্যারিকেডের এ'ধারের মুখগুলো এই ব্যাগ নিয়ে কি করবে, স্পষ্ট নয়। কেবল এটুকু জানা আছে এখন, এই মুহূর্তে তাদের ওই খুঁটিতেই ঝুলিয়ে রাখার কথা। আগেরদিন রাতে বৃষ্টি হয়েছে খুব। এইসমস্ত ব্যাগ এখন ভেজা, কিছু ব্যাগ জল টেনে টেনে ভারী হয়ে খুঁটি ভেঙ্গে পড়ে গেছে, কিছু অভিমান চুঁইয়ে চুঁইয়ে জল পড়ে নিচের নরম মাটিতে গর্ত করে ফেলেছে। বৃষ্টির আদরে এখন দিগন্ত জুড়ে কুয়াশা... গতকাল অবধি কত সাইনবোর্ড ছিল, কত মাইলফলক ছিল, কত জেব্রা ক্রসিং, রাস্তার নাম, কত প্রতিবাদ লেখা ছিল রাজপথে। আজ সেসব ধুয়ে মুছে বৃষ্টি যেন রাস্তা নতুন করে গেছে ...
মুখগুলো, অবাক, নিস্পন্দ চোখে তাকিয়ে আছে মিছিলের দিকে। কতদূর থেকে আসছে এই মানুষগুলো, কে এমন করে সাজালো তাদের, কোথায় যাচ্ছে তারা, জানা নেই। এক গর্ভ কুয়াশার ভিতর থেকে হাজারে হাজারে মানুষ দোলায় করে এগিয়ে যাচ্ছে কেবল। কেউ পাশ ফিরছে, ব্যারিকেডের এ'ধারের একটা চেনা মুখ দেখতে পেয়ে ছোটবেলার শিউলিফুলের দোহাই দিয়ে হাত নাড়ছে, কত পুরোনো ঋণ শোধ হয়নি, তার হিসেব দিয়ে যাচ্ছে। ব্যারিকেডের এ'ধারের কেবল ওইটুকুই মুহূর্ত, সত্যি। ঠোঁটে লেগে থাকা একটা চুমু, একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, চোখের কোলের সিঁদূরটুকুই কেবল সত্যি।
অস্তরাগের তেলসিঁদূর দিয়ে সাজানো হয়েছে দোলা... কেউ সিঁদূরে হলুদে মেখে চেপেছেন তাতে, কেউ শুকনো মুখে দুটো স্মৃতিকাজল লাগাতে পেরেছেন। বাহকদের খালি পায়ের চলনে, একটা ঘুমঘুম তাল উঠছে, তাতে ভর করে গুঞ্জন উঠছে হাসির, একটা নদীর সুর উঠছে মিছিল থেকে ... কত কথা, কত আলাপ, কত আবদার ভেসে উঠছে হাওয়ায়, কুড়িয়ে নিচ্ছে ধুলো, মিশে যাচ্ছে আবারও, ওই পায়ের তালে।
খুব দূর থেকে দেখলে ব্যারিকেডের এ'ধারে এক কোণে সরু পাহাড়ি ঝর্ণার মত একদল মানুষের গতি দেখা যায়। ওরাও মিছিলের সমান্তরালে হেঁটে চলেছে... চোখ কোন একটা দোলার সাজে আটকে... দেখবে - কোথায় যায় এ মিছিল? কুয়াশা চিরে একবেলা চলার পর দূরে এক ঘাট দেখা যায় - নদী...
অদৃশ্য কোন নির্দেশে দোলা থেকে এক এক করে নেমে পড়ে মানুষগুলো। ঘাট বেয়ে নেমে পা ধোয়, মাথায় জল দেয়, ততক্ষণে পাহাড়ি ঝর্ণা জমে উছলে পড়েছে মানুষ, কূল জুড়ে। এরপরে আর যাওয়ার উপায় নেই... ততক্ষণে ঘাটে বসে ওরা কাপড় ছাড়ে, পৈতে খোলে, সিঁদূর মোছে, গলা থেকে নদীর সুর নামিয়ে ভাসিয়ে দেয় জলে, সে সুর টিমটিম করে জ্বলতে জ্বলতে ছড়িয়ে যেতে থাকে ঢেউ থেকে ঢেউয়ে... ঘাট থেকে এবার পিছন ফেরার পালা। পিছন ফিরে ব্যারিকেডের বাঁশ খোঁজে ওরা, খোঁজে অভিমানের চুঁইয়ে পড়া জল...... খুঁজে পায়না। মনে হয় ওওওইযে দূরে, ছেড়ে আসা ঘর বুঝি, কুয়াশার ওই ফ্যাকাশে চাদরে যেখানে একটু আলো পড়েছে, প্রায় সবাই সেদিকে তাকায়, হাত নাড়ে, হাসে... সেই প্রথম প্রেমের হাসি... বিদায়ীহাসি কি আলাদা হওয়ার ছিল?
মানুষগুলো নেমে পড়ে জলে, হাজারে হাজারে মানুষ একে একে নদীর মধ্যে দিয়ে হেঁটে চলে যেতে থাকে ... নদীর সুর শুধু টিমটিম করে জ্বলতে থাকে আশেপাশে! জোনাকির মত......

Comments
Post a Comment