Trigger Warning: Emotional Breakdown
(too triggering to pen it down alone, sympathies would make it worse i guess. too personal to be shared.)
ছোটবেলায়
বাবার খুব ন্যাওটা ছিলাম। বছরে বোধয় সব মিলিয়ে দিন কুড়ি বাড়ি থাকত লোকটা।
গায়ে গায়ে ঘুরতাম। ওদিকে একান্নবর্তী পরিবারের দায়বদ্ধতা বিপুল। সেখানে
শুধু বউ-মেয়েকে নয়, সবাইকে সমান সময় দেওয়ার দায়বদ্ধতা বয়ে বেড়াত সে। ফলে
আমি যখন খুব জরুরী একটা কথা বলব, যেটা মা বোঝেনি, বাবা বুঝবে, তাই বলতে হবে
বলে প্ল্যান করে রেখেছি, বাবা তখন অন্য কোথাও, সে মহলে হয় আমার আনাগোনা
নেই নাহয় নেই আমার স্বরের। একেক পরিসরে চলত ধস্তাধস্তি, আমি বাবার হাত ধরে
রীতিমত টানছি, আমি গল্প করব বা খেলব বাবার সাথে, কিন্তু সে যাবে না।
কিছুতেই যাবে না। হেরে ফিরেছি প্রতিদিন। এইরকম একদিন আমি রূপায়িত হলাম
হিংসুটি মেয়েতে। হিংসুটে কথাটার রঙ বদলে গেল সেই থেকে। সেই হেরে ফেরা ছিল
তাদের সত্যের জয়, ন্যায়ের জয়। But blip is inevitable! লোকটা চলে তো যাবেই
দশদিন পর। সেই দিনগুলো বিভীষিকা ছিল। বাবার পা ধরে উঠোনময় সাথে সাথে যেতাম,
ঘষটাতাম, যখন চলে যাচ্ছে। এমনকি জাপটে ধরে প্রাণপণে পা ট্যাক্সি থেকে নিচে
নামিয়ে আনার চেষ্টা করতাম, গড়াগড়ি যেতাম ধুলায়। কোনবার কি একবারের জন্য
হলেও থেকে যাওয়া যেত না? বোধয় না। থেকে যাওয়া যায় না, যাদের যাওয়ার থাকে।
কিন্তু আমার বিশ্বাস ছিল, আজও আছে, যে কেউ না কেউ থাকবে ঠিক! কারণ গাছ যখন
পাথর ফাটায়, তা খুব ধীরে হয় বলে তা ম্যাজিক মনে হয়, রূপকথা মনে হয়। আমি সেই
রূপকথায় বিশ্বাসী।
ধুলায়
গড়াগড়ি যাওয়া আমাকে শিখিয়েছে অনেক কিছু। নিজেকে নামিয়ে নিতে। বিলিয়ে দিতে।
কাঙাল করেছে। ভিক্ষা চাইতে শিখিয়েছে। বহুবার করেছি জীবনে। তাতে আমার
একফোঁটা আক্ষেপ নেই। যেখানে যেখানে আমার মনে হবে থাকতে পারে, সে বন্ধু হোক,
বান্ধব হোক, প্রেম হোক, কাজ হোক, যাই হোক, আমি দেব ধুলায় নিজেকে। হবো
কাঙাল। একফোঁটা লজ্জা নেই তাতে। মা বলত কান্নার কোন দাম নেই, আমি বড় হয়ে
বলতাম, আমার কাছে আছে। বহুকষ্টে চোখে জল আসার সাহস জোগায়, যারা কাঁদতে
পারেনা তাদের জিজ্ঞেস করে দেখবেন। কিন্তু সত্যি যারা ভিক্ষা চায়, তাদের
সম্মান করতে শিখিনা আমরা। শুধু আমি নই, পৃথিবীর অনেক মানুষের মনে এই শিক্ষা
জ্বলজ্বল করে। আমি চাই না আমি বা তেমন কেউ অসম্মানিত হোক!
ভিক্ষায়
মানুষ পেটের ভাত চায়। সেলফি নয়, ফেসবুকের লাইক নয়, ব্যাঙ্ক ব্যালেন্স নয়,
যশ বা খ্যাতি নয়। কেবল সেইবেলাটুকুর পড়ে পাওয়া ভাত চায়। তা না দেওয়া গেলে
কিচ্ছু দেবেন না। 'আহা', 'চুক্ চুক্' এইটুকুও নয়। সম্ভাবনা থাকে, যে সে
এই শব্দগুলো বহুবার শুনেছে। ওতে তার পেট ভরে না। ওতে তার অন্ধকার ঘরে
প্রদীপ জ্বলে না। কিন্তু ভদ্রসমাজ ভিক্ষা প্রসঙ্গে কি করবে বুঝতে পারে না!
সম্মান দিতে পারে না পুরোপুরি, ফেলে দিতেও পারেনা। দু'টাকা গুঁজে দেওয়ার
মতন অদ্ভুত ব্যবহার করে। সেটা যে চেয়েছে তার পেটের জন্য, নাকি তার নিজের
বিবেকের জন্য করে, বলা মুশকিল! এগুলো সে বোঝে, তবু ভিক্ষার ঝুলি বাড়িয়ে
দিতে ফিরে আসে সে। কিন্তু ভদ্রসমাজে ভিক্ষাপাত্র হাতে ফেরত যাওয়াও সহজ নয়।
ধুলায় গড়াগড়ি যাওয়ার মাঝে তাই ফাঁক পড়ে, লোকে ভাবে সে এবার ভদ্র হয়ে গেল।
আসলে ভদ্রসমাজের শিক্ষায় সে কিছুদিন নাড়ি জ্বালিয়ে অন্ধকার ঘরের সংস্থান
করতে শেখে। তবু লড়াইয়ের টানে ফেরে, সম্মান দিতে ফেরে, নিজেকে নামিয়ে নিয়ে
ফেরে, প্রাণের টানে ফেরে।
যে
জানে সে রাজা নয়, মানুষের উপর অধিকার নেই তার... সে চাষী নয় যে জমিতে বেড়া
দিয়ে চাষ করেছে, কোন জমির উপর কোন সম্পদের উপর অধিকার নেই তার... সে কত না
জমিতে বাষ্প দিয়েছে, মজুর খেটেছে, ফসল ফললে আলে দাঁড়িয়ে হেসেছে, দাবী
জানাতে চায়নি। তবু সে জানে তার প্রয়োজন আছে, সে দেওয়ার পথে এতটুকু ভিক্ষা
করতে ফেরে। ভালবাসার, প্রাণের টানে ফেরে। কোন অধিকার নেই বলেই এতটুকু চাইতে
শেখে। পৃথিবীর এমন অনেক ভিক্ষু জেনেবুঝে ভিক্ষাপাত্র হাতে করে ভিক্ষাসাধন
করে। জ্বালা সহ্য করে। তাদের কারোর ভুখা পেটে দয়া প্রাপ্য নয়, যত্নের
পরিবর্তে নাম প্রাপ্য নয়। আমারও না।
ছবি: জলঙ্গির তীর, কৃষ্ণনগর (সেপ্টেম্বর, ৩, '২২)
11/9/22
Comments
Post a Comment