রাস্তার এই দিকটায়, আলো একটু কমে এসেছে। সভ্যতার দড়ি হাল্কা ভাঁজ খেয়েছে খালপাড় থেকে। লাগোয়া শহর থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে দ্বীপ তৈরি করেছে।
রোজ এই সময়টা জোরে পা চালায় নিলীমা। হাঁটতে হাঁটতে এইসব আকাশ পাতাল ভাবতে থাকে। একার সংসারে দিনের শেষে অনেক কিছুই কিনে ফেরার থাকে। কিন্তু প্রায় দিনই বাজারে ঢোকার মত শরীর বা মন কোনটাই থাকেনা তার। ট্রেন থেকে নেমেই হনহনে হাঁটা দেয় বাড়ির দিকে। আজও প্রায় ধাক্কাধাক্কি করে ট্রেন থেকে নেমেই হাঁটা। স্টেশনের লাগোয়া বাজার। প্রচুর আলো, রোশনাই পেরিয়ে একটু হাঁটলেই অটোস্ট্যান্ড আর স্ট্যান্ড পেরোলেই খেলার মাঠ। অটোস্ট্যান্ড নির্মোহে পেরোতে পারলেই দশটাকা বাঁচানো যায়। আজকের বাজারেও দশটাকা মানে অনেক। যদিও দশ মিনিটের রাস্তা হেঁটে পৌঁছতে লেগে যায় আধ ঘন্টা। খেলার মাঠ পেরোলেই শহরের গিঁট শিথিল হয়ে আসে। খালপাড় বরাবর যে রাস্তা সোজা কৃষ্ণপুরের দিকে চলে গেছে, সেই রাস্তাটাই সবচেয়ে প্রিয় নিলীমার। এদিক দিয়ে গেলে আধ ঘন্টা নিমেষে কেটে যায়। পরিচিত মুখও দেখা যায় কম আর সে গেলেই বসাকবাড়ির টিয়েটা বলে উঠবে, "কেমন আছ?"... মন ভালো হয়ে যায়। এই একবছর আগেও বসাকবাড়ির ছোট মেয়ে আধুলিকে পড়াত নিলীমা। তখন মিঠাইকে রোজ বলত, "কেমন আছ?"
বসাকবাড়ি থেকে খাল পেরিয়ে ধুলিপাড়া পৌঁছতে আরো পনেরো মিনিটের রাস্তা। এক সময় শহরের গিঁট আলগা হতে হতে একেবারে এলিয়ে পড়ে। পাড়ার মন্দিরের দাওয়ায় মহিলাদের কিচিরমিচির দেখা যায়। এরা রাতের রান্না করে শেষবারের মত গল্পে মজেছে। বরেরা ফিরলে হাত-মুখ ধোবে, স্নানে যাবে, ততক্ষনে এরা বাড়ি গিয়ে ভাত গরম বসাবে, সবাইকে খেতে দেবে খাওয়া হলে বাসন ধোবে, রান্নাঘর পরিষ্কার করবে, তারপর বিছানা করে, বাচ্চাকে ঘুম পাড়াবে। বাচ্চা ঘুমিয়ে পড়লে ঘুমন্ত স্বামীর পাশে গিয়ে দীর্ঘনিশ্বাস ফেলে বাতি নিভিয়ে শুয়ে পড়বে। এইসব ছাইপাশ ভাবতে ভাবতে নিলি হনহনিয়ে মন্দির পার হয়, এপার্টমেন্টে ঢুকে তরতর করে সিঁড়ি বেয়ে তিনতলা উঠে যায়। দরজা খোলে।
(চলবে)

Comments
Post a Comment